শব্দ আছড়ে পড়ে,
যেন পাহাড় ভাঙছে দিনে৷
দৌড়, দৌড়, দৌড় —
কোথায় লুকাবো?
যদি শব্দরা তাড়া করে?
প্রান্তর থেকে তেপান্তরে ধাওয়া —
প্রান্তে লুকানো অভিশপ্ত গুহা,
আড়ালে সেথায় বেদনার ছায়া পেতে —
অশরীরী যত শব্দের আসা যাওয়া৷
পাথরে পাঁজর, শুনি৷
অনধিকারের শব্দেরা আসে কাছে৷
চিরে দেয় গা, জলে ভরে দেয় চোখ,
নিঃশব্দতায় কে আর ভীষণ বাঁচে?
একি বাঁচা, নাকি পাগলপ্রতিম খেলা?
শ্বাসরোধী যত অনুভূতির ঢেউ —
ব্যথা ও বুকে ভালোবাসা ভরে ফেলা,
ভালোবেসে জেনো বাঁচতে পারেনি কেউ৷
আর নয়, আর নয়, এই জানি —
দুয়ারবন্ধ, মনবন্ধ ঘরে,
শিথিলতায় লুকাই নিজেকে ভীরু —
কে জানে কখন শব্দ আছড়ে পড়ে৷
No comments:
Post a Comment