কতরকম কথা আসে মনে৷
পুরানো দিনের — যেমন:
দীপশঙ্কর ফুটবল খেলতো ভালো৷
উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে
ট্রেনে মাথা দিলো, এক অবোধ্য বিকালে-
বেঁচে থাকার ইচ্ছা
ছিলোনা বুঝি তার আর-
অতীন ছিল ভালো ডাক্তার,
মদ খেয়ে সাঁতরাচ্ছিলো পুলে-
হঠাৎই ডুবে গেলো নীল কঠিন মেঝেতে,
পড়ে রইলো সে- মৃগী রোগীটির মতো-
অসহায়;
আর উঠলোনা৷
পড়া ছেড়ে সমীরণ পালিয়ে জঙ্গলে,
মেধাবী সে- জঙ্গুলে আদিবাসীদের নিয়ে
গড়ছিলো সেনা-
পুলিশেরা এক রাতে সন্ধির প্রস্তাব এনে,
গুলি করে মেরেছিলো পরের সকালে:
ভীষণ খবর৷
সমবয়সী তো সব,
আমারই দোসর,
তবু, খুঁজলে কোথাও তারা নেই,
আমি আছি৷
তাই মনে হয়:
শুধু শুধু প্রশ্রয় দিলো কি আমায়
কেউ?
আমার দুর্দান্ত সেই সখাদের
জীবনের গতি ছিল কি সহজ
আঁকাবাঁকা আমার এই জীবনের চেয়ে?
আরো এরকম অনেক বন্ধুরা, যারা
বেঁচে আছে, ভালো আছে বলে
গল্প শুনি,
তাদের অবাক কীর্তির ছবি দেখি
ফোনে, ফেসবুকে -
ভাবি: এইতো আর কয়েকটা বছর,
একসাথে-
দেখতে দেখতে দিন কেটে যাবে বুঝি৷
No comments:
Post a Comment